আরো এক ধাপ এগিয়ে গেলো ডিজিটাল বাংলাদেশ : মোস্তাফা জব্বার
২০১০ সালে দেশজুড়ে এক দেশ এক রেট ইন্টারনেট দাবিতে রাস্তায় মানব বন্ধন করেন তিনি। এবার নিজের ৭৩তম জন্মদিনে সেই স্বপ্ন বাস্তবায়ন পূর্ণতার ঘোষণা দিলেন। ঐতিহাসিক এই মুহূর্তকে বাংলাদেশ সত্যিকার ডিজিটাল বাংলাদেশের মাইলফলক বলে ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বললেন, ডিজিটাল বাংলাদেশ আরো এক ধাপ অগ্রগতি অর্জন করলো।
বৃহস্পতিবার দুপুরে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য সকল আইএসপি এবং বেসরকারি এনটিটিএন ও আইআইজি ট্যারিফের শুভ উদ্বোধন ঘোষণা করে এমন অভিব্যক্তিই প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের জন্য ‘এক দেশ এক রেট’ চালু করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে সেবা পৌঁছাতে আইএসপির পাশাপাশি আইআইজি এবং এনটিটিএন প্রতিষ্ঠান জড়িত, তাই তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এই ট্যারিফ নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে জানিয়ে মোবাইল অপারেটরদের ক্ষেত্রেও শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়ার জন্য বিটিআরসির প্রতি আহবান জানান তিনি।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অংশীজনদের মধ্যে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন, সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম রাখেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আফজাল হোসোন, আইআইজিবি মহাসচিব আহমেদ জুনায়েদ এবং আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
বিটিআরসি সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহানের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্যারিফ প্লানটি উপস্থাপন করেন বিটিআরসির এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারাল নাসিম পারভেজ।